১৭ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৭, ১৭ মার্চ ২০২৬

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় প্রবীণ নাগরিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সংগঠনের কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবীণদের হাতে ঈদ উপহার তুলে দেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও প্রকাশক এবং ফাউন্ডেশনের অভিভাবক উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন অবহেলিত ও বিপদগ্রস্ত প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি পরিবারে সিনিয়র সিটিজেন পিতা-মাতাকে অভিভাবক হিসেবে মূল্যায়ন করতে হবে এবং তাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, পরিবার থেকে প্রবীণদের বিচ্ছিন্ন করার সংস্কৃতি সমাজ থেকে দূর করতে হবে। প্রবীণদের জন্য পরিবারকেই হতে হবে নিরাপদ ও বাসযোগ্য আশ্রয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম বলেন, সমাজের প্রতি আমাদের আহ্বান—“বৃদ্ধাশ্রম নয়, পরিবার হোক সুরক্ষিত বাসযোগ্য স্থান।” প্রবীণদের পাশে দাঁড়ানোই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শহীদুল্লাহ্, সহ-সভাপতি ফিরোজ কায়সার আজম, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম জাকারিয়া, অর্থ বিষয়ক সম্পাদক সোহেল রহমান, তমা, আতাউর রহমান মিঠু, হাসনে আরা বেগম রানী, সুজনসহ ফাউন্ডেশনের সিনিয়র সিটিজেন সদস্যরা।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মামুন, এবিএম জাকারিয়া ও ফিরোজ কায়সার আজম। শেষে উপস্থিত সবাইকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি শাহ আলম।
 

সর্বশেষ

জনপ্রিয়