বুধবার নারায়ণগঞ্জের জনসভায় আসছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভা ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক স্ট্যান্ডে এ জনসভায় দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জামায়াতের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে সকাল ৯টায় এই জনসভা শুরু হবে।
দলটির নেতারা বলেন, নির্বাচনী কার্যক্রমকে বেগবান করা এবং তৃণমূল নেতা-কর্মীদের মাঝে দিকনির্দেশনা প্রদান করবেন তিনি।
জনসভা সফল করার লক্ষে সোমবার বিকালে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্নার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন,জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতারা জানান, শিমরাইল মোড় সংলগ্ন ট্রাক স্ট্যান্ডে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর প্রতিটি ইউনিটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। হাজার হাজার নেতা-কর্মীর সমাগম ঘটাতে ইতিমধ্যেই পোস্টারিং, লিফলেট বিতরণ এবং নিবিড় গণসংযোগ চালানো হচ্ছে।
তাদের প্রত্যাশা, এই সমাবেশ নারায়ণগঞ্জের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে এবং জনমানুষের অধিকার আদায়ে জামায়াতের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।





































