এসএসসি’তে জিপিএ-৫ পেয়েছেন এমপি মান্নানের ছোট মেয়ে
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের কনিষ্ঠ কন্যা মালিহা ইসলাম মাইশা এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন।
সোমবার (১০ আগস্ট) দুপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়।
মালিহা রাজধানীর একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।
জিপিএ-৫ পাওয়া এ কৃতি শিক্ষার্থী ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
মালিহার বড়ভাই জেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব। ভাইয়ের সঙ্গে মালিহা নিজেও আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলেন। এক দফা দাবির মিছিলেও ছিলেন মালিহা।
মালিহার বাবা সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, “জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের তরুণ প্রজন্মের সাহসী ভূমিকা ইতিহাস হয়ে থাকবে। রাজপথের সেই কঠিন ও উত্তাল দিনগুলোতে আমাদের সন্তানেরা যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছে, তা সত্যিই অবিস্মরণীয়। মালিহা ইসলাম মাইশা শুধু আন্দোলনের সঙ্গেই যুক্ত ছিল না, আজ সে তার মেধার স্বাক্ষর রেখে জিপিএ-৫ অর্জন করে প্রমাণ করেছে আমাদের নতুন প্রজন্ম যেমন দেশের ক্রান্তিলগ্নে সাহসী ভূমিকা রাখতে জানে, তেমনি মেধার প্রতিযোগিতাতেও তারা সেরা। আমি তার এই উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানাই।”
বড়ভাই খাইরুল ইসলাম সজিব বলেন, “মাইশা কেবল আমার একজন স্নেহের ছোট বোনই নয়, সে হলো আমাদের জুলাই বিপ্লবের একজন লড়াকু সৈনিক। ছাত্র আন্দোলনের প্রতিটি কঠিন মুহূর্তে সে অসীম সাহস ও পরিপক্বতার পরিচয় দিয়েছে। রাজপথের সেই আন্দোলনের পাশাপাশি সে নিয়মিত নিজের পড়াশোনা চালিয়ে গেছে এবং আজ কাঙ্ক্ষিত জিপিএ-৫ অর্জন করেছে। যা আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।”





































