১৪ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০০:৫০, ১৪ মার্চ ২০২৬

এলাকাবাসীর বিক্ষোভে মাদক বিক্রেতাদের জানাজায় না থাকার হুঁশিয়ারি

এলাকাবাসীর বিক্ষোভে মাদক বিক্রেতাদের জানাজায় না থাকার হুঁশিয়ারি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিক্রি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। একইসঙ্গে মাদক বিক্রেতারা মারা গেলে তাদের শেষকৃত্যেও এলাকাবাসী অংশগ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি দেন।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ফতুল্লার নয়ামাটি জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়। এতে নয়ামাটি, ইসলামনগর, কুতুবপুর ও পূর্ব লামাপাড়া এলাকার বাসিন্দারা অংশ নেন।

পরে তারা মানববন্ধনে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কয়েকদিন আগে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে সাব্বির নামে এক যুবক নিহত হন। এ ঘটনার প্রতিবাদ ও এলাকায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে এলাকাবাসী একত্রিত হয়ে গণমিছিল ও মানববন্ধনের আয়োজন করেন।

মিছিলটি নয়ামাটি মসজিদ থেকে শুরু হয়ে নয়ামাটি, ইসলামনগর ও কুতুবপুর এলাকা ঘুরে পূর্ব লামাপাড়ায় গিয়ে শেষ হয়। পরে পূর্ব লামাপাড়া বায়তুল আকরাম জামে মসজিদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মিছিল চলাকালে মাইকিং করে মাদক ব্যবসায়ীদের দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ঘোষণা দেওয়া হয়, ভবিষ্যতে কোনো মাদক ব্যবসায়ী মারা গেলে তার লাশ গোসল, জানাজা কিংবা কবর দেওয়ার ক্ষেত্রেও এলাকাবাসী সহযোগিতা করবে না।

মানববন্ধনে স্থানীয় মসজিদের ইমামসহ এলাকাবাসী বক্তব্য রাখেন। তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে সাব্বির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাব্বিরের ভাই আবদুর রহমান, চাচা আবদুল হাকিম, স্থানীয় বাসিন্দা মামুন, শফিক, রাসেল, তানভীর, তোফাজ্জল, রিপন, স্বপন, ফজল হক প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়