০৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:২৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:২৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬

কোনো কোনো প্রার্থী সন্ত্রাসী-চাঁদাবাজদের পাশে নিয়ে ভোট চাইছেন: আল আমিন

কোনো কোনো প্রার্থী সন্ত্রাসী-চাঁদাবাজদের পাশে নিয়ে ভোট চাইছেন: আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াত-এনসিপি জোট মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল আমিন বলেছেন, ‘কোনো কোনো প্রার্থী সন্ত্রাসী, চাঁদাবাজদের পাশে নিয়ে ভোট চাইছেন। আবার একজন আলেম সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে এমন ব্যক্তিদের পাশে নিয়ে ভোট চাচ্ছে। আমরা মনে করি কে কতটুকু জনগণকে দেবেন তা তাদের কাজকর্মে বোঝা যায়। জনগণ ইনশাআল্লাহ সঠিক সিদ্ধান্ত নিবেন। জনগণ সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব চায়। তারা চায় দেশের পরিবর্তন হোক। এই দেশে আর কখনও কোনো সন্ত্রাসী, ফ্যাসিস্ট, চাঁদাবাজ, দুর্নীতিবাজরা সুযোগ না পায়, সেটাই জনগণ চায়।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লায় নির্বাচনী গণমিছিল আয়োজন করে ১১ দলীয় জোট। মিছিলপূর্বক সাংবাদিকদের ব্রিফিংকালে আবদুল্লাহ আল আমিন এই মন্তব্য করেন। এদিন মিছিলটি ফতুল্লার ভুইগড় থেকে জালকুড়ি, পাগলা বাজার, ফতুল্লা বাজার হয়ে পঞ্চবটিতে শেষ হয়।

আল আমিন বলেন, নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উচ্ছ্বাস আছে। কারণ তারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি। আবার দেখছি প্রার্থীদের মধ্যে আচরণবিধি লঙ্ঘন, হুমকি-ধামকি, তোরণ বানানো, ক্যাম্প, ফেস্টুন, ব্যানার ছিঁড়ে ফেলা। আমরা পরিবর্তনের বার্তা নারায়ণগঞ্জ-৪ অঞ্চলের বাসিন্দাদের দিতে চাই। এই এলাকায় রাজনৈতিক দুর্বৃত্তায়ন, নাগরিক অধিকারকে অবহেলা থেকে উত্তরণ ঘটিয়ে নাগরিকদের মর্যাদা নিশ্চিত করতে চাই। জনগণ আমাদের ডাকে সাড়া দিচ্ছে। পাশাপাশি জামায়াত, এনসিপি, খেলাফত মজলিসসহ ১১ দলের নেতাকর্মীরা শাপলা কলির পক্ষে কাজ করছে। ১২ তারিখ নারায়ণগঞ্জবাসী পরিবর্তনের পক্ষে তাদের রায় দেবেন ইনশাআল্লাহ।

স্পেসিফিক কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা এমন প্রশ্নে বলেন, স্পেসিফিক অভিযোগ আমরা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত দিচ্ছি। পাবলিকলি আমরা কাদাছোড়াছুড়ি করতে চাই না। কাঁদা ছোড়াছুঁড়ির রাজনীতির অবসান চাই আমরা। প্রত্যেক প্রার্থী যদি তার আচরণবিধি ফলো করেন এবং সুষ্ঠু ভাবে গণভোটের ভোটাধিকারের সম্মান করেন, তাহলে মানুষের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোনো আচরণবিধি লঙ্ঘন করা যাবে না, হুমকি-ধামকি দেওয়া যাবে না।

এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বারসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়