০৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬

জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ছোট ইস্যু বড় করার চেষ্টা: শাহ আলম

জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ছোট ইস্যু বড় করার চেষ্টা: শাহ আলম

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলম অভিযোগ করে বলেছেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি ছোটোখাটো বিষয়কে বড় ইস্যু বানানোর চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার, রেললাইন, বউ বাজার ও শাহি বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

শাহ আলম বলেন, নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। সেখানে ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। নির্বাচন ১২ তারিখে হবে এবং শেষও হয়ে যাবে। কিন্তু আমরা যারা প্রার্থী আছি, সবাই এখানেই একসঙ্গে বসবাস করবো। তাই এসব বিষয় বড় করে দেখার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, যারা এই ছোট ইস্যু নিয়ে মামলা করেছে, তাদের উদ্দেশে বলতে চাই—এটি দুঃখজনক এবং লজ্জাজনক। আমি রাজনীতি করি, কিন্তু আমার পরিবার—স্ত্রী, পুত্র ও কন্যাকে এতে জড়ানোর কোনো যৌক্তিকতা ছিল না। তারা কেউই রাজনীতির সঙ্গে জড়িত নয়। আরও দুঃখজনক বিষয় হলো, আমার একজন পুত্র সন্তান থাকলেও মামলায় দু’জনের নাম দেওয়া হয়েছে। এতেই স্পষ্ট হয়, এটি প্রতিহিংসা থেকে করা হয়েছে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উদ্দেশ করে তিনি বলেন, কোনো অভিযোগ থাকলে সরাসরি আমাকে জানাতে পারতেন। এভাবে মামলা করে আমাদের সামাজিকভাবে হেয় করা হয়েছে, যা সত্যিই লজ্জার।

শাহ আলম অভিযোগ করেন, নির্বাচনের শেষ পর্যায়ে এসে নানা কৌশলে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, যা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পারে। তবে প্রশাসন তাকে আশ্বস্ত করেছে যে, এবারের নির্বাচন নিরপেক্ষ হবে। তিনি বলেন, প্রশাসন যদি নিরপেক্ষ থাকে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন, তাহলে জনগণ হরিণ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবে বলে তিনি বিশ্বাস করেন।

এদিকে গণসংযোগ চলাকালে বিকেলে বউ বাজার এলাকায় বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীও গণসংযোগ করেন।

সর্বশেষ

জনপ্রিয়