০৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আড়াইহাজারে সড়ক দখল করে আজাদের নির্বাচনী মঞ্চ, উচ্ছেদ ও জরিমানা

আড়াইহাজারে সড়ক দখল করে আজাদের নির্বাচনী মঞ্চ, উচ্ছেদ ও জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দখল করে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদের নির্বাচনী প্রচারণার জন্য নির্মিত মঞ্চ উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পিভিসি ব্যানার ব্যবহার ও অবৈধ পার্কিংয়ের দায়ে দুইজনকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আড়াইহাজার পৌরসভা এলাকায় সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ খান প্রেস নারায়ণগঞ্জকে বলেন, “নিয়মিত টহলের সময় আড়াইহাজার পৌরসভার চালপট্টি বাজার এলাকায় সড়কের ওপর একটি নির্বাচনী সমাবেশের মঞ্চ দেখতে পাই। সমাবেশের অনুমোদন সম্পর্কে জানতে চাইলে আয়োজকরা জানান, তাদের কোনো অনুমোদন নেই। পরে আমরা মঞ্চ সরিয়ে নিতে বললে তারা নিজেরাই সবকিছু সরিয়ে নেয়।”

তিনি আরও বলেন, “পায়রা চত্বরে পিভিসি ব্যানার ব্যবহার ও সড়ক বিভাজনে টানিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শাহ আলীকে (৪২) ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পপুলার হাসপাতালের সামনে সড়কে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করার দায়ে মো. মামুন মিয়া (৩০) নামে একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পৌরসভা বাজার এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে অবৈধ হকার ও অবৈধ পার্কিংয়ের কারণে যানজটপ্রবণ হয়ে উঠেছে। এতে জরুরি প্রয়োজনে দ্রুত চলাচল ব্যাহত হয়। এ কারণে অভিযান চালিয়ে অবৈধ হকার উচ্ছেদ ও অবৈধভাবে পার্কিং করা যানবাহন সরিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়