০৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:১৫, ৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন অঞ্জন দাস

নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন অঞ্জন দাস

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান উপস্থিত হলে দায়িত্বপ্রাপ্ত সহকারী নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম তাঁর চেয়ার ছেড়ে দিয়ে প্রার্থীকে বসতে দেওয়ার ঘটনায় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংকোচ ও সন্দেহ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত ‘মাথাল’ প্রতীকের প্রার্থী অঞ্জন দাস।

একজন সরকারি কর্মকর্তার কার্যালয়ে প্রকাশ্যে কোনো নির্দিষ্ট দলের প্রার্থীর প্রতি এমন আচরণ নির্বাচনী আচরণবিধি ও প্রশাসনিক শিষ্টাচারের পরিপন্থী। এতে সাধারণ ভোটারদের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে এবং একটি পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে- এমন বার্তা যাচ্ছে বলে মনে করেন অঞ্জন দাস।

তিনি বলেন, “নির্বাচনকালীন সময়ে প্রশাসনের দায়িত্ব হলো সকল প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ নিশ্চিত করা। কিন্তু একজন ইউএনও যদি একটি নির্দিষ্ট দলের প্রার্থীর জন্য চেয়ার ছেড়ে দেন, তাহলে নির্বাচনের মাঠে সমতার পরিবেশ থাকে না। এতে ভোটারদের আস্থা ক্ষুণ্ণ হয়।”

অঞ্জন দাস অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যাখ্যা দাবি করেন। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভবিষ্যতে যেন কোনোভাবেই প্রশাসনিক কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণে জড়াতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ-৩ আসনের মানুষ একটি ভয় ও প্রভাবমুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে প্রশাসনকে তার সাংবিধানিক দায়িত্ব পালনে দৃঢ় ও নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে।”

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ-৩ আসনে একটি সমান সুযোগের নির্বাচন নিশ্চিত করতে সর্বস্তরের নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানায়।

সর্বশেষ

জনপ্রিয়