০৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২৬

১২ তারিখ খেজুর গাছ মার্কায় ভোট বিপ্লব হবে: মনির কাসেমী

১২ তারিখ খেজুর গাছ মার্কায় ভোট বিপ্লব হবে: মনির কাসেমী

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “আমাদের আর একবার চেষ্টা করতে হবে। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা ক্ষমতা চালাচ্ছে, তাদের মাঝে কিছু দুষ্টু চক্র এখনও ঘাপটি মেরে বসে আছে। তারা চায় বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মাহমুদপুর তাজউদ্দীন মার্কেট প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

মুফতি মনির কাসেমী আরও বলেন, “দেশটা কারও বাপের না। এতো মানুষের রক্তের বিনিময়ে যেহেতু আমরা হাসিনাকে সরিয়েছি। তোমাদের মতো চুনোপুটি বেশিদিন সুবিধা করতে পারবে না। তোমাদেরকেও এমন শায়েস্তা করা হবে যে, পালাবার রাস্তাও খুঁজে পাবা না।”

তিনি বলেন, “এজন্য বলতে চাই একটি সুযোগ এসেছে, আবার চেষ্টা করার। আর সেই সুযোগ হলো আগামী ১২ তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা একটি বিপ্লব ঘটাবো। সেই বিপ্লবে মারামারি, ঝগড়াঝাটি নেই, থাকবে শুধু সিল মারা। খেজুর গাছ মার্কায় সিল মারতে হবে। এতে ব্যালট ও ভোটের বিপ্লব হবে।”

কাসেমী বলেন, “আমরা ১৯৪৭, ৭১ ও ১৯৯০ সালে চেষ্টা করেছি এবং প্রত্যেকবার সফল হয়েছি। ২০২৪ সালেও আমরা চেষ্টা করেছি। ছাত্র-জনতা একসাথে ফুঁসে উঠেছে। আর ১৭ বছর আমাদের ঘাড়ের উপর চেপে থাকা স্বৈরাচারী হাসিনাকে ৩৬ দিনের আন্দোলনের মধ্যে দিয়ে তাদেরকে চাট্টি-বাট্টি গোল করে, সাঙ্গু-পাঙ্গু নিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠিয়েছি।”

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সহসভাপতি মো. শহিদুল্লা, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়