বক্তাবলীর দখল হওয়া জায়গা-জমি উদ্ধার করা হবে: ইসমাঈল সিরাজী
নারায়ণগঞ্জের বক্তাবলীতে দখলকৃত জায়গা উদ্ধার ও কৃষি জমিগুলো পুনরায় উৎপাদনমুখী করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন।
মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “বিগত সময়ে বক্তাবলীর যেসব জনপ্রতিনিধি ক্ষমতায় ছিলেন, তারা সাধারণ মানুষের ওপর জুলুম চালিয়েছে। ভয়ভীতি দেখিয়ে মানুষের বসতভিটা, জমি ও কৃষি জমি জোরপূর্বক দখল করেছে। জেল-জুলুমের হুমকি দিয়ে তারা এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল। আজ তারা বক্তাবলী ছেড়ে পালিয়েছে।”
তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের পরও কিছু দলের নেতাকর্মী আগের মতোই জুলুম-নির্যাতন শুরু করেছে। তারা জমি দখল, মামলা বাণিজ্যসহ নানা ধরনের হুমকি দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। কিন্তু তারা জানে না, এই অন্যায়ের পরিণতি আরও ভয়াবহ হবে।”
মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “জনগণের সমর্থনে নির্বাচিত হলে বক্তাবলীর সব দখলকৃত জায়গা উদ্ধার করা হবে এবং কৃষি জমিগুলো যথাযথভাবে কাজে লাগাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।”





































