বন্দরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২২ নম্বর ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন, ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মাজহারুল আলম খান পাভেল, বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বিন ইয়ামিন, বিশিষ্ট সমাজসেবক তপন মুন্সী এবং অ্যাডভোকেট শিপলু।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার আহ্বান জানান।
সমাবেশে সংহতি প্রকাশ করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, "মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্রকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।" পাশাপাশি তিনি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।





































