১০ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৫, ১০ মার্চ ২০২৬

লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের ওরিয়েন্টেশন সভা

লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের ওরিয়েন্টেশন সভা

যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা রোধ এবং নারীর জীবনমান উন্নয়নে উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে শিক্ষা, যুব উন্নয়ন ও সমাজসেবা কর্মকর্তাদের নিয়ে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে নগরীর জামতলা এলাকায় জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সুমন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান।

সভায় জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত চার বছর মেয়াদি ‘শিখা’ প্রকল্পের অধীনে নারায়ণগঞ্জসহ ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহীতে বাস্তবায়িত হবে। প্রকল্পটির লক্ষ্য যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থার উন্নয়ন করা।

আয়োজকরা বলেন, নারায়ণগঞ্জ জেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি, বাল্যবিয়ে ও বুলিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রকল্পটি গুরুত্ব দেবে।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা, যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার, যুব ফোরাম গঠন, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার তালিকা হালনাগাদ এবং অভিভাবক সভার আয়োজনসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স প্রোগ্রামের টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী বলেন, ‘শিখা’ প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়, কর্মক্ষেত্র, গণপরিবহন, কমিউনিটি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

জেলার পাঁচটি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসার ও যুব উন্নয়ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, ‘শিখা’ প্রকল্পের প্রজেক্ট অফিসার মিরাজুল ইসলাম, মোদাচ্ছেরুল হক পাভেল, কমিউনিটি ভলান্টিয়ারসহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সর্বশেষ

জনপ্রিয়