১০ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫০, ১০ মার্চ ২০২৬

চাঁদাবাজি-মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের নেতৃত্ব প্রয়োজন: শাব্বীর

চাঁদাবাজি-মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের নেতৃত্ব প্রয়োজন: শাব্বীর

নারায়ণগঞ্জে ইসলামী যুব মজলিসের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে শহরের আল-হাবীব মিলনায়তনে জেলা ও মহানগর শাখা এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ বলেন, একটি জাতির মেরুদণ্ড হলো তার যুব সমাজ। যুবকরা জেগে উঠলে সমাজ বদলে যায়, যুবকরা সাহসী হলে ইতিহাস কথা বলে। চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিষবাষ্প থেকে মুক্ত একটি আদর্শ নারায়ণগঞ্জ গড়তে তরুণদের নৈতিক নেতৃত্বের ভূমিকা নিতে হবে।

তিনি বলেন, ইসলামী যুব মজলিস কেবল একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলনের নাম। যুবকদের মাঝে দ্বীনি চেতনা ও দেশপ্রেম জাগ্রত করা এবং সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করাই সংগঠনের লক্ষ্য।

তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন, ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত একটি শক্তিশালী ও নৈতিক যুব সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত জীবনের সকল কলুষতা ঝেড়ে ফেলে ইসলামী যুব মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমিকে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।

ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইনের সভাপতিত্বে ও জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, নাসিক ২১ নম্বর ওয়ার্ড তত্ত্বাবধায়ক মারুফ পাটওয়ারী, ইসলামী যুব মজলিসের মহানগর সহ-সভাপতি সালাহউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সামসুর রহমান, জেলা সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ, সদর থানা সভাপতি শামীম আহমদ, ফতুল্লা থানা সভাপতি হাফেজ শরীফ হোসাইন, বন্দর থানা সভাপতি ইয়াসিন আরাফাত টিপু, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি আব্দুল্লাহ আল-মামুনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়