১০ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৯, ১০ মার্চ ২০২৬

আমরা যানজটমুক্ত, নিরাপদ, বসবাসযোগ্য নারায়ণগঞ্জ চাই: আবদুল জব্বার

আমরা যানজটমুক্ত, নিরাপদ, বসবাসযোগ্য নারায়ণগঞ্জ চাই: আবদুল জব্বার

নারায়ণগঞ্জে যানজটমুক্ত, নিরাপদ ও বসবাসযোগ্য শহর গড়ে তুলতে জনপ্রতিনিধিদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার আমির মাওলানা আবদুল জব্বার।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় শহরের বাংলা ভবনে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

মাওলানা আবদুল জব্বার বলেন, “আমরা যানজটমুক্ত, নিরাপদ, বসবাসযোগ্য একটা নারায়ণগঞ্জ চাই। যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, তারা যেন নারায়ণগঞ্জের মানুষের সুযোগ-সুবিধা দলীয়করণ না করে প্রকৃতপক্ষে মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য চেষ্টা করেন। তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট সমন্বিতভাবে আপনাদেরকে সাহায্য করবে। আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে।”

তিনি বলেন, “গতকাল দেখলাম, একজন পুলিশ সদস্যকে মারাত্মকভাবে আহত করে তার অস্ত্র লুট করে নেওয়া হয়েছে। আমরা দেখেছি, ২৪ ঘণ্টা না যেতেই পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, পুলিশ চাইলে তার আগের সক্ষমতার জায়গায় ফিরে আসতে পারে।”

এর আগে তিনি বলেন, “আমরা ৫ আগস্ট একটি কাঙ্ক্ষিত পরিবর্তন, নতুন রাষ্ট্র মেরামত এবং ফ্যাসিবাদী একটি কঠিন পরিস্থিতি থেকে দেশ উত্তরণের জন্য সবাই মিলে চেষ্টা করেছিলাম। মনে করেছিলাম দেশটা ভালোভাবে পরিচালিত হবে। সেই প্রত্যাশাকে সামনে রেখে ফেব্রুয়ারিতে একটি নির্বাচনও হয়েছে। নির্বাচনের পরে এ নির্বাচন নিয়ে অনেক কথা আছে। সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে, নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফল সুষ্ঠু হয়নি। এরপরও দেশ ও জাতির স্বার্থে আমরা মেনে নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা সবকিছু ত্যাগ করলেও জুলাইয়ের প্রশ্নে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি নই। বিশেষ করে সংস্কার এবং জুলাই সনদের যেসব বিষয় একীভূত করা হয়েছে, অনতিবিলম্বে সেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, কবি আরিফ বুলবুল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, গণসংহতির মহানগর আহ্বায়ক নিয়ামুর রশীদ বিপ্লব, সদস্য সচিব পপি রানী সরকার, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, গণঅধিকার পরিষদের মহানগর সাধারণ সম্পাদক রুহুল আফনান, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি সাইদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরাও অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়