মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল
রাজনৈতিক সম্প্রীতি ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার বিকেলে নগরীর বাংলা ভবন কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাজনৈতিক সম্প্রীতি ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, "আমরা যদি একটি সুন্দর ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়তে চাই, তবে সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।" ফিলিস্তিন, মায়ানমার ও ইরানের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, মুসলিম উম্মাহ ও দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হলে সকল তাগুতি শক্তি ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়বে।
তিনি জননিরাপত্তা ও মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "বর্তমানে মানুষ নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমাদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে যুদ্ধ করতে হবে।" এসময় তিনি সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এডভোকেট শাখাওয়াত হোসেন খাঁনকে জনগণের জান-মাল রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-০৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, যিনি বলেন, "রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, তবে জনস্বার্থে আমাদের মিলেমিশে কাজ করতে হবে। জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।" এছাড়া নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন সবার কাছে দোয়া চেয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মহানগরী আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "কোরআন আমাদের সত্য-মিথ্যার পার্থক্য শিখিয়ে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়। দেশের মানুষ ব্যক্তিগতভাবে ভালো না হলে দেশ ভালো হবে না। রোজার শিক্ষা নিয়ে আমাদের একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে হবে।"
মাহফিলের সঞ্চালনা করেন মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াত আমীর মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা শায়েক আহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিস সেক্রেটারি মাওলানা ইমদাদুল হক, এছাড়াও এবি পার্টি, লেবার পার্টি, জাসাস এবং শ্রমিক কল্যাণের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন, হাফেজ আব্দুল মোমিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়





































