০৭ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৮, ৭ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে একই নাম্বার প্লেটে একাধিক ব্যাটারি চালিত রিকশা

নারায়ণগঞ্জে একই নাম্বার প্লেটে একাধিক ব্যাটারি চালিত রিকশা

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়কে একই নাম্বার প্লেট ব্যবহার করে একাধিক ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে দেখা যাচ্ছে।

এসব যানবাহনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাম্বার প্লেট থাকলেও একই নম্বরের একাধিক যান শহরের বিভিন্ন এলাকায় চলছে। চাষাঢ়া, খানপুর, মিশনপাড়া, নিতাইগঞ্জসহ বিভিন্ন সড়কে এমন চিত্র প্রায়ই চোখে পড়ে। একই নাম্বার প্লেট একাধিক যানবাহনে ব্যবহার করা হওয়ায় বিষয়টি জালিয়াতি কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী, ব্যাটারি চালিত রিকশার জন্য নির্দিষ্ট নাম্বার প্লেট দেওয়া হয়। তবে বাস্তবে দেখা যাচ্ছে, একই নাম্বার একাধিক যানবাহনে ব্যবহার হচ্ছে। নিয়মিতভাবে এসব যানবাহন চললেও বিষয়টি তদারকির জন্য কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না বলে স্থানীয়রা মন্তব্য করছেন।

শহরের সড়কে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু বলেন, “বিগত সময়েও প্রশাসনের বিভিন্ন সভায় আমরা বিষয়টি তুলে এনেছি। অটো রিকশা চালকরা নয়, এর দায় দায়িত্ব মালিক সমিতিকে নিতে হবে। ভুয়া নাম্বার প্লেট, একই নাম্বার প্লেটে একাধিক রিকশা ও অবৈধ অটো রিকশা নিয়ন্ত্রণ না করতে পারলে শহরের যানজট সমস্যার সমাধান হবে না।”
 

সর্বশেষ

জনপ্রিয়