০৭ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৯, ৭ মার্চ ২০২৬

আলেমদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী

আলেমদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামাদের সম্মানে আয়োজিত প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন জমিয়তের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী।

শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন ‘যমুনায়’ এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জমিয়তের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মহাসচিব মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নানুপুর মাদরাসার মহাপরিচালক মাওলানা সালাহউদ্দিন, এ ছাড়াও দেশের বিভিন্ন মাদরাসার শায়খুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, ও ইসলামী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলকে সরকারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে আগত আলেমগণ দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির জোট প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত মুফতি মনির হোসাইন কাসেমী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে আসে। এই মাহফিল শুধু খাবারের আয়োজন নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের এক অনন্য উপলক্ষ।" তিনি দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন।

সর্বশেষ

জনপ্রিয়