১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:২৪, ৩১ জুলাই ২০২৫

শিক্ষাকে মানুষের কাজে লাগানোর তাগিদ ডিসির

শিক্ষাকে মানুষের কাজে লাগানোর তাগিদ ডিসির

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা এই সমাজে বড় হয়েছি, এই রাষ্ট্রের সুযোগ-সুবিধা নিয়েছি। কিন্তু আমরা এই রাষ্ট্র ও সমাজকে কতোটুকু দিচ্ছি? আমরা শিক্ষিত হয়ে যদি বড়দের সম্মান, ছোটদের ভালোবাসতে না পারি, যদি একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে শিক্ষার মূল্য থাকে না। আমাদের মানবিকতা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।”

“শিক্ষা মনের প্রসারতা ঘটায়। আমাদের সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে যে শিক্ষা আমাদের শুধু চোখের প্রসারতা বাড়াবে না, বরং মনেরও প্রসারতা বাড়াবে। এবং আমাদের স্বার্থের চোখ বন্ধ করবে, এমন শিক্ষায় শিক্ষিত হতে চাই।”

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সরকারি তোলারাম কলেজের পদ্মা মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমি বিশ্বাস করি যে উদ্দেশে আমার ভাইয়েরা গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছিল, যে দেশ ও সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সেই দেশ ও সমাজ প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হবো।”

জেলা প্রশাসক বলেন, “আগামীতে বিশ্বের আসনে যদি আমাদের দেশকে বসাতে চাই, তাহলে আমাদের যোগ্য হিসেবে তৈরি হওয়ার কোন বিকল্প নেই। যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হতে হবে। আমাদের সময়কে হাতিয়ার হিসাবে ব্যবহার  করতে হবে। কোনভাবে যেন সময় নষ্ট না করি। মনে রাখতে হবে, এখন গুরুত্বপূর্ণ সময়। আমরা আমাদের সবাইকে কাজে ব্যবহার করতে চাই। আমাদের শিক্ষা ও যোগ্যতা নিয়ে শহীদদের স্বপ্নের সমাজ-ব্যবস্থা গড়তে চাই।”

তিনি আরও বলেন, “আমাদের দেশের সম্পদ আমাদের জনগণ। এই সম্পদকে কাজে লাগাতে হবে। আমি যেটা দিবো সমাজকে, সেটি আমাদের জীবন গড়ার পাশে থাকবে। এদেশে অনেক সমস্যা আছে, এবং সমস্যা থাকবেই। আমার দেশের যে সমস্যা আছে সেটি নিয়েই এগিয়ে যেতে হবে। সমস্যা সমাধানের জন্য কাজ করতে হবে। আমার দেশের সমস্যা অন্য কেউ এসে সমাধান করে দিয়ে যাবে না।”

অনুষ্ঠানের সভাপতিত্ব উপস্থিত করেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাস।

এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ এ কলেজের চার শিক্ষার্ধীÑ মো. মানিক মিয়া, মো. আব্দুর রহমান, মো. মাহাদী হাসান পান্থ ও মো. মেহেদী হাসান নাইমের পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়