জমি নিয়ে বিরোধে খুন, ৫ বছর পর একজনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে ছানাউল্লাহ সরকারি নামে এক ব্যক্তি নিহত হওয়ার প্রায় পাঁচ বছর পর মামলার রায় হয়েছে। এ মামলায় আক্তার সরকার নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাজমুন নাহার সুমি আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আক্তার সরকার (৪৫) রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দিগুলিয়ারটেক গ্রামের মৃত আব্দুল লতিফ সরকারের ছেলে। খালাস পাওয়া দুই আসামি হলেন মাকসুদা বেগম ও শামীমা।
মামলার নথি ও আদালত পুলিশ সূত্রে জানা যায়, নিহত ছানাউল্লাহ সরকারি (৩৩) একই গ্রামের সাত্তার সরকারের ছেলে। নিহত ও আসামিরা পরস্পরের প্রতিবেশী। তাদের মধ্যে জমি নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল।
এরই জেরে ২০২০ সালের ১৭ অক্টোবর সন্ধ্যায় সামান্য তর্ক-বিতর্কের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় ছানাউল্লাহকে বাঁশের লাঠি ও টেঁটা দিয়ে আঘাত করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পরদিন ছানাউল্লাহর স্ত্রী মোসলেমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩০ এপ্রিল পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত আক্তার সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অপর দুই আসামি মাকসুদা বেগম ও শামীমাকে খালাস দেওয়া হয়।
আদালত পুলিশ জানিয়েছে, রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।





































