ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোহেল (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সোহেল (৩০), ফতুল্লা মডেল থানার ধর্মগঞ্জ ঢালীপাড়া মুন্সিবাড়ি এলাকার আলী মিয়ার বাড়ির ভাড়াটিয়া আকন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহেল ও ভুক্তভোগী কিশোরী একই বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়া থাকতেন। কিশোরীর মা একটি গার্মেন্টসে কাজ করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে তিনি কর্মস্থলে চলে গেলে বেলা ১২টার দিকে কৌশলে কিশোরীকে নিজের কক্ষে ডেকে নেয় সোহেল। কক্ষে প্রবেশ করা মাত্রই তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ সময় কিশোরী ডাকচিৎকার করলে ধস্তাধস্তির একপর্যায়ে দৌড়ে সোহেলের কক্ষ থেকে বের হয়ে নিজ কক্ষে চলে যায়। ভয়ে সেদিন কাউকে কিছু না বললেও শুক্রবার কিশোরী তার মাকে ঘটনাটি জানায়।
পরে বিষয়টি জানাজানি হলে শুক্রবার রাতে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকা থেকে সোহেলকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত সোহেলকে আদালতে পাঠানো হয়েছে।





































