ফতুল্লায় শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ ৫ জন গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী রকি ওরফে পেটকাটা রকি (৩৪)সহ পাঁচজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার ইসদাইর গাবতলী কাপুড়াপট্টি এলাকার আইসক্রিম ফ্যাক্টরি গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মৃত হায়দার আলীর ছেলে রকি ওরফে পেটকাটা রকি (৩৪), মৃত সোনা মিয়ার ছেলে আনোয়ার (৪০), ইসমাইলের ছেলে নাছির (২৬), দেলোয়ারের ছেলে জিসান (২৪), এবং ইসমাইল মিয়ার ছেলে শান্ত (২৪)। তারা সবাই ফতুল্লা মডেল থানার ইসদাইর কাপুড়াপট্টি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফতাব, এসআই মনোয়ার হোসেন, এসআই হামিদুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রকি ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ২২৫ পুরিয়া গাঁজা, একটি চাইনিজ কুড়াল এবং দুটি রামদা উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রধান আসামি রকি ওরফে পেটকাটা রকির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক ও ছিনতাইসহ প্রায় ১৫টি মামলা রয়েছে।





































