বিএনপি প্রার্থীদের পক্ষে এটিএম কামালের বিরামহীন প্রচারণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে দলীয় ও জোট প্রার্থীদের পক্ষে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল।
আনুষ্ঠানিকভাবে প্রচারণার প্রথম দিন থেকেই তিনি রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও সদর-বন্দর এলাকার বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ চালাচ্ছেন। ভোটারদের সঙ্গে কথা বলে ধানের শীষে ভোট প্রার্থনার পাশাপাশি দেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় প্রধানের পরিকল্পনার কথা তুলে ধরছেন তিনি।
দলীয় নেতাকর্মীরা বলছেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দমননীতির বিরুদ্ধে রাজপথে অদম্য ও সোচ্চার ভূমিকা রাখা নেতা হিসেবে এটিএম কামাল পরিচিত। বৈরী সময়ে আন্দোলন-সংগ্রামে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সক্রিয় ভূমিকা রাখায় তাকে ঘিরে কর্মীদের মধ্যে আলাদা উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রচারণায় যেখানেই যাচ্ছেন, সেখানেই মাঠ পর্যায়ের নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছেন।
নির্বাচনী প্রচারণায় এটিএম কামাল কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত মাঠে থাকছেন। অলি-গলি, হাট-বাজার, চায়ের দোকান, খেয়াঘাট, বাসস্ট্যান্ডসহ মানুষের আনাগোনার প্রতিটি স্থানে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন তিনি। আনুষ্ঠানিক সভা-সমাবেশ ছাড়াও পথসভা, গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণের মাধ্যমে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার চালাচ্ছেন।
এটিএম কামাল বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ভুলে যাওয়ার নয়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তিনি দীর্ঘদিন লড়াই করেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, বিগত সময়ে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের ওপর ‘হাওয়াই এমপি’ চাপিয়ে দেওয়া হয়েছিল। বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা, গুম, ঢালাও গ্রেপ্তার ও দমন-পীড়নের ঘটনাও মানুষ ভুলে যায়নি। গণতন্ত্র রক্ষার এই সংগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।





































