নারায়ণগঞ্জকে সুন্দর নগর গড়তে সর্বোচ্চ সহযোগিতা করবো: মোর্শেদ সারোয়ার
বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেছেন, টিম খোরশেদ এখন শুধু একটি সংগঠনের নাম নয়, এটি একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে, যা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিতি লাভ করেছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে নগরীর জামতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘টিম খোরশেদ’-এর উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “টিম খোরশেদের কার্যক্রম আল জাজিরা, বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পেয়েছে। বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি বা সংগঠনের মানবিক কর্মকাণ্ড বিশ্বমঞ্চে আলোচিত হওয়া নিঃসন্দেহে আমাদের দেশের জন্য এবং বিশেষ করে নারায়ণগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়।”
তিনি আরও বলেন, “আজকের এই অ্যাম্বুলেন্সটি নিজেদের প্রযুক্তি ও উদ্যোগে তৈরি করা হয়েছে। বিষয়টি শুধু একটি অ্যাম্বুলেন্স তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি আমাদের ব্যবস্থাপনা, উদ্ভাবনী চিন্তা ও সামাজিক দায়বদ্ধতার একটি অনন্য উদাহরণ। এ ধরনের উদ্যোগ আমাদের সবাইকে অনুপ্রাণিত করে।”
করোনা মহামারির সময় টিম খোরশেদের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, “করোনাকালে যেভাবে টিম খোরশেদ মানুষের পাশে দাঁড়িয়েছে, তেমনি মশক নিধনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। খোরশেদের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় রয়েছে। সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার যে মানসিকতা এবং নিরলস প্রচেষ্টা তার রয়েছে, সেখান থেকে আমাদের সবারই অনেক কিছু শেখার আছে।”
তিনি বলেন, “টিম খোরশেদের কর্মকাণ্ড দেখে ইতোমধ্যে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। আজকের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিটি করপোরেশনের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত রয়েছেন। আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করি, তাহলে নারায়ণগঞ্জকে একটি মডেল শহরে পরিণত করা সম্ভব।”
তিনি আরও বলেন, “দেশ ও নারায়ণগঞ্জের উন্নয়নে আমরা বিভিন্ন সময় চেম্বার অব কমার্স ও বিকেএমইএ’র মাধ্যমে নানা কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকি। প্রশাসন, সাংবাদিক ও সমাজের বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি বলেন, “চেম্বার ও বিকেএমইএ’র পক্ষ থেকে এবং একজন ব্যবসায়ী হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নারায়ণগঞ্জের উন্নয়ন, মানুষের সেবা এবং একটি সুন্দর নগর গড়ে তুলতে যখনই যে সহযোগিতা প্রয়োজন হবে, আমরা তা করার সর্বোচ্চ চেষ্টা করব। ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকেও আমরা সবসময় নারায়ণগঞ্জ ও দেশের কল্যাণে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, বিকেএমইএর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, উইআর ভলেন্টিয়ারের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।





































