ফতুল্লায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার তরুণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ২৫ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) ভোরে কুতুবপুর ইউনিয়নের রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।
অভিযুক্ত তরুণের নাম সোহেল সরকার। তিনি সুনামগঞ্জ জেলার ধীরাই থানার নয়াগাও গ্রামের সুমেন সরকারের ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগের বরাতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ শেখ বলেন, মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির ছাদে খেলছিল ভুক্তভোগী শিশু। তাকে কৌশলে ভবনের সিড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত সোহেল। শিশুটি তখন চিৎকার দিলে সে পালিয়ে যায়।
“রাতে শিশুটি তার মাকে বিষয়টি জানালে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ,” যোগ করেন ওই পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন। তিনি বলেন, ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে করা হয়েছে।





































