‘চশমা সাব্বির’ দুই দিনের রিমান্ডে
মাসদাইরের আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারি হাসিবুর রহমান সাব্বির ওরফে চশমা সাব্বিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ জুন) সকালে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাব্বিরের পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। এ সময় বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম।
এর আগে গত রোববার ফতুল্লার একটি চাঁদাবাজি মামলায় জামিন চাইতে আদালতে উপস্থিত হন সাব্বির। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
৩০ বছর বয়সী সাব্বির নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর গুদারাঘাট এলাকার বাসিন্দা। হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ছিনতাইসহ অসংখ্য মাদক মামলার আসামি সাব্বিরকে স্থানীয়রাও চেনেন ‘চশমা সাব্বির’ নামে। বিসিক শিল্পনগরী ঘেঁষা শ্রমিক অধ্যুষিত মাসদাইর গুদারাঘাট, হাজীরমাঠ ও মিস্ত্রী বাগ এলাকায় এখন এক আতঙ্কের নাম এই ‘চশমা সাব্বির’ ও তার সহযোগীরা।
গত ২৩ মে রাতে মাসদাইর গুদারাঘাট এলাকায় এক পোশাক ব্যবসায়ীর কাছে দাবি করা ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে তার ব্যক্তিগত গাড়ির চালককে কুপিয়ে আহত করে সাব্বিরের বাহিনী। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরবর্তীতে সাব্বিরের বাড়িতে পুলিশ ও র্যাবের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় তাকে না পাওয়া গেলেও, বাসা থেকে দেশীয় অস্ত্র, হাতবোমা, ড্রোন, সিসি ক্যামেরা, ৩ হাজার পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করে পুলিশ।





































