দ্বিগুবাবুর বাজার নিয়মের মধ্যে আনা হবে: নাসিক প্রশাসক সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, দ্বিগুবাবুর বাজার সিটি কর্পোরেশনের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাজারটির মালিকানা নির্ধারণ করে সরকারি জমি উদ্ধার করে সেটিকে নিয়মের মধ্যে আনার উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, ইতিপূর্বে তিনি প্রকৌশল বিভাগকে দ্বিগুবাবুর বাজারের মালিকানা সম্পত্তি নির্ধারণের নির্দেশ দিয়েছেন। মালিকানা নির্ধারণের পর সরকারি জমি উদ্ধার করা হবে। তিনি বলেন, সিটি কর্পোরেশন বাজারের ভেতরে কিছু সেড নির্মাণ করেছে খুচরা বিক্রেতাদের জন্য। কিন্তু সেখানে বড় বড় দোকান বসানো হয়েছে, যা নিয়মবহির্ভূত।
হকার মার্কেট প্রসঙ্গে তিনি বলেন, চাষাঢ়া হকারদের জন্য একটি মার্কেট দেওয়া হয়েছিল। খোঁজ নিয়ে দেখা গেছে, যাদের বরাদ্দ দেওয়া হয়েছিল তাদের অনেকেই এখন আর সেখানে নেই; বরং বরাদ্দকৃত দোকান বিক্রি করে দিয়েছেন। এটি নিয়মবহির্ভূত উল্লেখ করে তিনি বলেন, যারা প্রথমে বরাদ্দ নিয়েছিলেন তারা না থাকলে সেসব দোকান উচ্ছেদ করা হবে এবং প্রয়োজন হলে সেড ভেঙে দেওয়া হবে।
এ সময় দেওভোগ এলাকার জিউস পুকুর খনন ও সৌন্দর্যবর্ধনের পরিকল্পনার কথাও জানান নাসিক প্রশাসক। তিনি বলেন, পুকুরটি পরিষ্কার করার পাশাপাশি খনন করে চারপাশে সৌন্দর্যবর্ধন করা হবে, যাতে এলাকার মানুষ মশার উপদ্রব থেকে রক্ষা পায়।
তিনি আরও বলেন, ওই এলাকাকে পর্যটন কেন্দ্রের মতো করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উত্তর পাশের মন্দিরটিকে মডেল মন্দির হিসেবে গড়ে তোলার জন্যও উদ্যোগ নেওয়া হবে।





































