রূপগঞ্জে বকেয়া বেতন-ঈদ বোনাসের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, খাদুন এলাকার ভুঁইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানায় প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। মালিকপক্ষ বারবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।
বুধবার সকালে শ্রমিকরা কারখানায় এসে জানতে পারেন, বকেয়া বেতন ও ঈদ বোনাস আগামী ১৮ মার্চ পরিশোধ করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেন।
অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
পরে প্রশাসনের হস্তক্ষেপে মালিকপক্ষ আগামীকাল ১২ মার্চ শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কাজে যোগ দেন। এতে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ বলেন, মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।





































