মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন
সনাতন ধর্মালম্বীদের পুণ্য স্নানোৎসব মহাঅষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের প্রশাসক, ডিসি এসপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় বন্দর উপজেলার লাঙ্গলবন্দের বিভিন্ন স্নানঘাট পরিদর্শন করেন রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তারা ও হিন্দু সম্প্রদায়ের নেতারা।
পরিদর্শনকালে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, “এ পূণ্যস্থানে প্রতি বছরের ন্যায় এবারও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুই শিফটে প্রায় ১১০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ট্রাফিক ব্যবস্থাপনায় আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আনসার সদস্যরাও সহযোগিতা করবেন। পাশাপাশি কেউ যাতে স্নান করতে গিয়ে ডুবে কোনো অপ্রীতিকর ঘটনার শিকার না হন, সেজন্য নৌ পুলিশও মোতায়েন থাকবে।”
জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “স্নানোৎসব উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলো আমাদের আশ্বস্ত করেছে। নিরাপত্তাসহ সকল ইউটিলিটি সার্ভিস নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠে রয়েছেন। পূণ্যার্থীদের সার্বিক সুবিধার্থে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবীর, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, বাংলাদেশ আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ প্রমুখ।





































