১৮ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:২৭, ৯ মার্চ ২০২৬

আপডেট: ১৪:১৪, ৯ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে খাল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে খাল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বৃষ্টিধারা খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে তারা বিষয়টি থানায় অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, উদ্ধার হওয়া মরদেহটি অর্ধগলিত এবং ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরেছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। তার পরনে ছিল কালো প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি। পচন ধরার কারণে শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ

জনপ্রিয়