শহর ও বন্দরের সমস্যা সমাধানে যৌথভাবে কাজ করবো: এমপি কালাম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য যৌথভাবে শহর ও বন্দরের সকল সমস্যা সমাধানে কাজ করবেন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শহরের জেলা শিল্পকলা একাডেমিতে গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
এমপি আবুল কালাম বলেন, আগে উত্তর মেরু-দক্ষিণ মেরুর মতো বিভাজনের কারণে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতো এবং উন্নয়ন বাধাগ্রস্ত হতো। কিন্তু এবার সুযোগ রয়েছে। সিটি করপোরেশনের প্রশাসক সরকারি দলের এবং তিনি নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, আগামী দিনে যৌথ প্রচেষ্টার মাধ্যমে নারায়ণগঞ্জের যেসব স্থানে সমস্যা রয়েছে তা দূর করা হবে। নগরবাসীর পরামর্শ গ্রহণ করে যতটুকু সম্ভব উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করবেন বলেও তিনি জানান।
প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, জাতীয় ও স্থানীয় পর্যায়ে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে সরকারের সহযোগিতা প্রয়োজন। নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণের পক্ষ থেকে তিনি প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলী, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, বিকেএমইএ-এর সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের সভাপতি হাফেজ আব্দুল মোমিন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য নিরব রায়হান, জাবেদ আলম, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।





































