০৩ জুলাই ২০২৬

প্রকাশিত: ১৯:৫৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ১৯:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

মাদ্রাসায় ৯ বছরের ছাত্রকে অমানুষিক নির্যাতন, শিক্ষক গ্রেফতার

মাদ্রাসায় ৯ বছরের ছাত্রকে অমানুষিক নির্যাতন, শিক্ষক গ্রেফতার

প্রেস নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে একটি হাফেজিয়া মাদ্রাসায় দুষ্টুমির শাস্তি হিসেবে হাসিব নামে ৯ বছরের এক শিশু ছাত্রকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আব্দুর রহমান (৩২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়।

গত বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বাদ এশা মহানগরের সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হিরাঝিল আবাসিক এলাকার ২নং রোডের ২নং বাড়ীতে অবস্থিত আন-নাজাহ মাদরাসায় এ ঘটনাটি ঘটেছে। নির্যাতিত শিশুটি ওই ৮নং গলির ইউনুছ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া কামাল হোসেনের ছেলে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আব্দুর রহমান হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার হাতুন্ডা এলাকার মিম্বর আলীর ছেলে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) শামীম আহমেদ জানান, বুধবার রাতে এশার নামাজের পর ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিশু ছাত্র হাসিব দুষ্টুমি করায় শিক্ষক আব্দুর রহমান তাকে বেত্রাঘাত করে। এতে সে গুরুতর জখম হয়। খবর পেয়ে শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে ছেলের এ অবস্থা দেখে তাকে নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকের কার্যালয়ে গিয়ে বিষয়টি অবগত করেন। পরে বিষয়টি থানায় জানালে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শিশু আইনের ৭০ ধারায় একটি মামলা দায়ের করে। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়