১১ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৩, ১১ মার্চ ২০২৬

আপডেট: ২১:৪৮, ১১ মার্চ ২০২৬

স্বপ্নের নারায়ণগঞ্জ গড়তে পাঁচ এমপির প্রতি আহ্বান মাসুদুজ্জামানের 

স্বপ্নের নারায়ণগঞ্জ গড়তে পাঁচ এমপির প্রতি আহ্বান মাসুদুজ্জামানের 

নাগরিক সংগঠন ‘আমার নারায়ণগঞ্জ’-এর আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জের পাঁচ সংসদ সদস্যকে একসঙ্গে কাজ করে শহরকে আবার স্বপ্নের নগরীতে পরিণত করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে ‘আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, এক সময় নারায়ণগঞ্জ ছিল স্বপ্নের শহর। কিন্তু নানা কারণে সেই স্বপ্ন এখন দুর্বল হয়ে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তিনি বলেন, নারায়ণগঞ্জের পাঁচজন সংসদ সদস্য একসঙ্গে কাজ করলে শহরটিকে আবার সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো উন্নয়নমূলক উদ্যোগে সবাই যেন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতে পারেন—এটাই তাদের মূল লক্ষ্য।

বক্তব্যে অতীতের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, অনেক সময় রাজনীতিবিদরা তাদের সন্তানদের ‘যুবরাজ’ হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে শহরের পরিবেশকে আরও কুলুষিত করেছেন। এতে সন্ত্রাস ও অস্থিরতা বেড়েছে বলে তিনি মন্তব্য করেন।

তবে বর্তমান পাঁচ সংসদ সদস্যের প্রতি আশাবাদ ব্যক্ত করে মাসুদ বলেন, তারা যেন সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে কাজ করেন। তিনি উল্লেখ করেন, অনেক সংসদ সদস্যের সন্তানরা সুশিক্ষিত এবং আইন পেশার সঙ্গে যুক্ত—তাই তারা আইনের পথেই চলবেন বলে আশা করেন।

তিনি বলেন, কিছু গণমাধ্যমে প্রায়ই তাকে এমপি প্রার্থী হিসেবে প্রচার করা হয়, যা তার সঙ্গে আলোচনা না করেই করা হয় বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে সংবাদ প্রকাশে দায়িত্বশীলতার আহ্বান জানান তিনি।

মাসুদুজ্জামান আরও বলেন, ভবিষ্যতে নারায়ণগঞ্জের জন্য একজন সঠিক মেয়র নির্বাচনে তারা ভূমিকা রাখতে চান। এজন্য সমাজের যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সামনে আনার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

মাসুদুজ্জামান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, সংস্কৃতি ব্যক্তিত্ব রফিউর রাব্বি, বিকেএমইএ’র সাবেক সভাপতি ফজলুল হক, বর্তমান সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বর্তমান সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জামায়াতে ইসলামীর মহানগর আমির মাওলানা আবদুল জব্বার, সাবেক আমির মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগরের আহ্বায়ক নিয়ামুর রশীদ বিপ্লব, সদস্য সচিব পপি রানী সরকার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, শওকত হাশেম শকু, আফসানা আফরোজ বিভা হাসান, আয়েশা আক্তার দিনা, অসিত বরণ বিশ্বাস, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, দলিত নারী উন্নয়ন সংস্থার সভাপ্রধান সনু রানী দাস, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য জাহিদুল হক দিপু।

সর্বশেষ

জনপ্রিয়