জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ধর্মগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ফতুল্লার এনায়েতনগরের ধর্মগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে এনায়েতনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ধর্মগঞ্জ মাওলা বাজার এলাকায় এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বারী ভূঁইয়া বলেন, “বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফলেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আন্দোলনের মাধ্যমে শামীম ওসমানকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে। এখন যারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন, তাদের এসব কর্মকাণ্ডের জবাব জনগণই দেবে।”
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য আল আমিন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পুলিশকে চাপ দিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে গিয়ে প্রভাব বিস্তারেরও অভিযোগ তোলেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “অনেক ত্যাগের বিনিময়ে আমরা আজ শান্তিপূর্ণ পরিবেশে একত্রিত হতে পেরেছি। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম টিটু বলেন, “১৭ বছরের আন্দোলনের পর আমরা আজকের এই অবস্থানে পৌঁছেছি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩১ দফা বাস্তবায়নের কাজ শুরু করেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দফা বাস্তবায়ন করা হয়েছে।”
তিনি বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে শুরু করেছি। এসব অপরাধ দমনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।”
বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভুল-ভ্রান্তি ভুলে দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
শহিদুল ইসলাম টিটু আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর সততা, নিষ্ঠা ও আদর্শ বিএনপির নেতাকর্মীদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।”
আবু হানিফ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েতনগর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাইয়ুম মণ্ডল।
এ সময় উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম লিটন, ফতুল্লা থানা ওলামা দলের সভাপতি জিলানী ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





































