বন্দরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা
নারায়ণগঞ্জের বন্দরে জমি ও সীমানা বিরোধকে কেন্দ্র করে বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং নারীর শ্লীলতাহানির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার বাদী বন্দর উপজেলার মুছাপুর নোয়াগাঁও এলাকার বাসিন্দা সবুজ মাহমুদ (৩৮)। তিনি নারায়ণগঞ্জের বন্দর আমলী আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বাদী ও বিবাদীদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে অভিযুক্তরা বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে ফয়সাল, রমজান, আলহানু ওরফে আব্দুল হক রাহিম, শামীম, রিয়াজুল ইসলাম শ্যামল, খাদিজা, আসমা, জসিম উদ্দিন, জহিরুল ইসলাম, আরিফ, হেলেনা ও খায়রুন নেছাকে।
অভিযোগে বলা হয়, গত ৮ জুন বিকেল ৪টার দিকে আসামিরা লাঠিসোঁটা, লোহার রড, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মোটরসাইকেলযোগে বাদীর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর করে নগদ ২ লাখ টাকা, প্রায় ২ ভরি ওজনের স্বর্ণের বালা এবং একটি স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া হামলার সময় পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং এক নারীকে শ্লীলতাহানির শিকার হতে হয় বলেও অভিযোগ করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ রয়েছে।
ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৭৯ ও ৩৮০ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে।





































